পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন। সমাবেশে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতিসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের সামাজিক মর্যাদা, ন্যায্য অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে এস এম মহিউদ্দিন বলেন, "একটি দেশের উন্নয়নের মূল কারিগর হলো শ্রমিক শ্রেণি। আমাদের অবশ্যই শ্রমিকের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করতে হবে। ইসলামের আদর্শ অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।"
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের জন্য সুষ্ঠু কর্মপরিধি প্রণয়নে সরকারি হস্তক্ষেপ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
এ.আই.এল/সকালবেলা