নাহিদ জামান, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসাইন (১৬) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) সকালের দিকে শিবচর পৌরসভার কলেজমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করত। শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা জানান, ছেলেটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ.আই.এল/সকালবেলা