নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

রিপন খান রবিন, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের অংশগ্রহণে নাগরপুর সদর এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হতে থাকেন। লাল পতাকা, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো কলেজ প্রাঙ্গণ। পরে সেখান থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি উপস্থিত সকলকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার অংশ হিসেবে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকতসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন