কুলাউড়া রেলস্টেশনে ধূমপান বিরোধী অভিযান

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
কুলাউড়া রেলস্টেশনে ধূমপান বিরোধী অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন জংশনে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আকস্মিক ধূমপান বিরোধী অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে স্টেশনের বিভিন্ন স্থানে ধূমপানরত যাত্রীদের আটক করে সতর্ক করা হয় এবং স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১ মে) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া রেলওয়ে থানার ইনচার্জ রোমান আহমদ এবং স্টেশন মাস্টার মুহিবুর রহমান। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে স্টেশনের প্ল্যাটফর্ম ও জনসমাগমস্থলে ধূমপানরত যাত্রীদের প্রথমবারের মতো সতর্ক করা হয়। ভবিষ্যতে স্টেশনে ধূমপান করলে, পানের পিক বা ময়লা-আবর্জনা ফেললে এবং কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করলে কঠোর আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ইনচার্জ রোমান আহমেদ বলেন, "আমরা চাই যাত্রীরা একটি সুন্দর ও ধূমপানমুক্ত পরিবেশে যাতায়াত করুক। আজকের অভিযানে আমরা শাস্তির চেয়ে সচেতনতাকে বেশি গুরুত্ব দিয়েছি। তবে আগামীতে জনসমাগমস্থলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" সুন্দর পরিবেশ বজায় রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন