মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও বানোয়াট’ মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
সাংবাদিকদের কণ্ঠরোধ ও সত্য প্রকাশে বাধা দেওয়ার অপচেষ্টার অভিযোগে শুক্রবার (১ মে) সকালে কটিয়াদী প্রেস ক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে কটিয়াদীতে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ‘মিথ্যা মামলা প্রত্যাহার কর’ এবং ‘গণমাধ্যমের কণ্ঠরোধ চলবে না’—এমন নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল নিজেদের অপকর্ম আড়াল করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করেছে। ‘ফ্যাসিস্ট আওয়ামী দোসররা’ ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় বলে অভিযোগ করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কটিয়াদীসহ পুরো জেলায় কলম বিরতি, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মতো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তারা বলেন, কিছু ক্ষেত্রে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপেশাদার আচরণের ফলে পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের জন্য একটি স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সচেতন নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এ.আই.এল/সকালবেলা