পাঁচবিবিতে অসুস্থ শ্রমিকদের সহায়তা প্রদান

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
পাঁচবিবিতে অসুস্থ শ্রমিকদের সহায়তা প্রদান

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও আর্থিক সহায়তার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মাস্টারমাইন্ড স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোহাটি চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী শামীম হোসেন।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান। প্রধান অতিথি শামীম হোসেন তাঁর বক্তব্যে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং আলোচনা সভা শেষে তাঁর নিজস্ব তহবিল থেকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দুই জন অসুস্থ শ্রমিকের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি থানা যুবদলের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সামছুল হুদা দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুন রশিদ সজল এবং সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সুমন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

দিনটি উপলক্ষে সন্ধ্যায় এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন