মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ মোঃ হাবিবুল্লাহ (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গোদাগাড়ী থানা এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫, সিপিএসসি'র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে মাদকদ্রব্য রাজশাহীর দিকে আসছে। তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে র্যাব অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সেটিকে থামান এবং চালক হাবিবুল্লাহকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুল্লাহ মাদক পরিবহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত একটি টিস্যু ব্যাগ থেকে তিনটি পলিব্যাগে মোড়ানো ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত এই মাদকদ্রব্য ও পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত হাবিবুল্লাহ ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ও এর আশপাশের খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা