মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তাঁর প্রতিনিধি দল।
শুক্রবার (১ মে) দিনভর মদন ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চল ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন তাঁরা।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মির্জা হায়দার, মাহমুদুল হাসান ও সাইফুল আলম লিটন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বানের পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমি, ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভিডিও কলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এছাড়াও খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন তালুকদার, ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, উপজেলা মিডিয়া সেলের আহ্বায়ক সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সদস্য সচিব সাকের খানসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এ সময় দ্রুত কৃষি প্রণোদনা ও গো-খাদ্যের দাবি জানান। উল্লেখ্য, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই অঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়ে কৃষিজীবী মানুষ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
এ.আই.এল/সকালবেলা