গির্জায় লুটের ঘটনায় গ্রেপ্তার ৩: নগদ অর্থ ও পাসপোর্ট উদ্ধার

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
গির্জায় লুটের ঘটনায় গ্রেপ্তার ৩: নগদ অর্থ ও পাসপোর্ট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বারিধারা এলাকায় গির্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুটের নগদ অর্থ, পাসপোর্ট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— আবুল হোসেন রতন ওরফে হাবু, মোহাম্মদ নিজাম ওরফে মিজান এবং আক্তার হোসেন মনা ওরফে মনির। রাজধানী ঢাকা ও লক্ষ্মীপুর জেলার রামগতির চরাঞ্চলে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১ মে) দুপুরে ভাটারা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৮ এপ্রিল রাত আড়াইটার দিকে দুই মুখোশধারী দুষ্কৃতকারী গির্জার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে স্টাফদের কক্ষ বাইরে থেকে বন্ধ করে দেয় এবং পরে গির্জার পরিচালকের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে ঢুকে ফাদার সুবাস পুলক গমেজের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে একটি সন্দেহজনক ব্যাটারিচালিত রিকশা শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে রিকশাচালক আক্তার হোসেন মনাকে মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর থেকে নিজামকে এবং খিলক্ষেত থেকে মূল পরিকল্পনাকারী রতনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া অর্থের বড় একটি অংশ ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবুল হোসেন রতনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত। মূলত জুয়া ও মাদকের অর্থ জোগাড় করতেই তারা চুরি, ছিনতাই ও দস্যুতার মতো অপরাধে জড়িয়ে পড়ে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন