নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শেখ হাসিনার শাসনামলের দীর্ঘ ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপিতে কর্মরত কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুক্রবার (১ মে) রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু এ তথ্য নিশ্চিত করেছেন।
রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও দীর্ঘসূত্রতার বিষয়টি উল্লেখ করে অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। এর ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে।
রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করার জন্য দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী এস এম জুলফিকুর আলী জুনু জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই রিটটি দায়ের করা হয়েছে।
আই.এ/সকালবেলা