তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক হৃদয়বিদারক অথচ অনুপ্রেরণাদায়ক দৃশ্যের সাক্ষী হলো এসএসসি পরীক্ষাকেন্দ্র। উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাতে রক্তের ব্যাগ ধরে রেখেই পরীক্ষায় অংশ নিচ্ছে মোঃ ফাহিম তাজোয়ার নামে এক অদম্য কিশোর। শারীরিক প্রচণ্ড কষ্ট উপেক্ষা করে তার এই পরীক্ষা দেওয়ার দৃশ্যটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ফাহিম তাজোয়ার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ফাহিমের একটি বড় অপারেশন সম্পন্ন হয়। তবে অপারেশনের পর ক্ষতস্থানে ইনফেকশন দেখা দেওয়ায় তাকে নিয়মিত চিকিৎসার (রক্ত সঞ্চালনসহ) মধ্য দিয়ে যেতে হচ্ছে। জীবনের এই কঠিন সময়েও শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি পিছিয়ে দিতে চায়নি সে।
পরীক্ষাকেন্দ্রে দেখা যায়, জীবনের ঝুঁকি আর শারীরিক দুর্বলতাকে জয় করতে এক হাতে রক্তের ব্যাগ ধরে রেখেছে ফাহিম এবং অন্য হাতে নিপুণভাবে কলম চালিয়ে উত্তরপত্র পূরণ করছে। তার এই অদম্য মানসিক শক্তি দেখে পরীক্ষার হলরুমে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা মুগ্ধ হয়েছেন।
ফাহিমের এই সংগ্রামী মনোভাব সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে। নেটিজেনরা তার শিক্ষার প্রতি এমন একাগ্রতা ও দৃঢ় মনোবলকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, ফাহিম প্রমাণ করেছে যে ইচ্ছাশক্তি প্রবল থাকলে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই লক্ষ্য অর্জনে বাধা হতে পারে না। শিক্ষার প্রতি তার এই শ্রদ্ধাবোধ বর্তমান প্রজন্মের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে।
এ.আই.এল/সকালবেলা