নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে অভিনন্দন জানাতে শুরু করেন ছাত্রশিবিরের নেতারা। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল যে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন। ডাকসুর ভিপি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি থাকায় জামায়াত তাকে বড় এই নির্বাচনী লড়াইয়ে বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, একই রাজনৈতিক জোট থেকে জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তাদের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ফলে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে একই মেরুর দুই তরুণ নেতার প্রার্থী হওয়া এবং নির্বাচনী সমীকরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
আই.এ/সকালবেলা