সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেফতার

সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেফতার

হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে কলার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক সাইফুল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে কলা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এক পর্যায়ে পরিবারের সদস্যরা শিশুটিকে ডাকতে শুরু করলে সাইফুল তাকে ছেড়ে দেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিস্তারিত খুলে বলে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন