পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। তার দল পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় বিসিবি তাকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেওয়ার অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে অংশ নিতে মাঝপথেই পিএসএল ছাড়তে হয়েছিল নাহিদকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হলেও শুরুতে এনওসি পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে পেশোয়ার জালমির বিশেষ অনুরোধে বিসিবি শেষ পর্যন্ত তাকে ছাড়পত্র দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার জাভেদ আফ্রিদি। নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।’

নাহিদ রানা এবারের আসরে ৬০ লাখ রুপিতে পেশোয়ার জালমিতে নাম লেখান। বল হাতে শুরু থেকেই তিনি ছিলেন বিধ্বংসী। দেশে ফেরার আগে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করার পাশাপাশি তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪২, যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঈর্ষণীয়।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। আগামী ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনও নির্ধারিত হয়নি। মুলতান সুলতানস, হায়দরাবাদ কিংসমান ও ইসলামাবাদের মধ্য থেকে একটি দল ফাইনালে পেশোয়ারের মুখোমুখি হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন