ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন প্রতিবেদক: শরীর, ছন্দ আর আত্মার মেলবন্ধনে গড়া প্রাচীন শিল্পমাধ্যম নৃত্যের মহিমা তুলে ধরতে আজ ২৯ এপ্রিল দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস। ব্যালে নৃত্যের জনক জ্যঁ জস নুভেরের জন্মদিন উপলক্ষে ১৯৮২ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব নৃত্য দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।
শিল্পকলা একাডেমির আয়োজন: নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আজ বুধবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীরা অংশ নেবেন।
মূল আয়োজনে রূহী আফসানা দীপ্তির পরিচালনায় সমবেত নৃত্য ‘সবুজ মাঠ সোনার ধান’ পরিবেশন করবেন একাডেমির শিল্পীরা। এছাড়া নৃত্যালোক, সাধনা, ছান্দসিক ও রেওয়াজ পারফরমার্স স্কুলসহ মোট ২২টি দল বিভিন্ন ঘরানার নাচ পরিবেশন করবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
নৃত্যশিল্পী ফাউন্ডেশনের অনুষ্ঠান: এদিকে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে পৃথক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এই উৎসবে দেশের প্রায় ত্রিশটি নৃত্যদল অংশ নেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন তামান্না রহমান এবং সভাপতিত্ব করবেন বরেণ্য নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মারিয়াম।
নৃত্যশিল্পীদের মতে, ‘নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা’। এই শিল্পের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি মানুষের মধ্যে আনন্দ বিতরণ এবং দুঃসময়ে আশার আলো জাগিয়ে তোলাই দিবসটির মূল লক্ষ্য।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ