দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রুপম চাকমা, দীঘিনালা উপজেলা প্রতিনিধি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান কাউসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার কনিকা দেওয়ান, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর বক্তারা জোরালো গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।