আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে করে পেট্রোল ও গ্যাসোলিনের বাজারে চাপ তৈরি হয়েছে এবং ভোক্তা পর্যায়ে খরচ বেড়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (প্রায় ৩ দশমিক ৭৮ লিটার) গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ১৮ ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দাম ৪ ডলারের ওপরে উঠেছিল; সে সময় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল প্রায় ৪ দশমিক ১৫ ডলার। অথচ এক বছর আগেও যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম ছিল প্রতি গ্যালন প্রায় ৩ দশমিক ১৫ ডলার।
তবে দেশজুড়ে জ্বালানির দামে বড় ধরনের তারতম্য দেখা যাচ্ছে। তেল ও গ্যাস উৎপাদনকারী অঙ্গরাজ্য টেক্সাসে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় ৩ দশমিক ৭৮ ডলার হলেও ক্যালিফোর্নিয়ার মতো কিছু রাজ্যে এই দাম ৫ দশমিক ৯৬ ডলার পর্যন্ত পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সংঘাত শুরুর আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত, যা বর্তমান পরিস্থিতিতে কমে প্রতিদিন মাত্র ৮ থেকে ১০টি জাহাজে নেমে এসেছে।
আই.এ/সকালবেলা