জামালপুরে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

অন্যদিকে, সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় এলজিইডির একটি পাকা সড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করার সময় সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় কাজ বন্ধ করে সরে যাওয়ার পথেই এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, “বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন