স্বাভাবিক সময়সূচিতে মার্কেট খোলা রাখার দাবিতে স্মারকলিপি

স্বাভাবিক সময়সূচিতে মার্কেট খোলা রাখার দাবিতে স্মারকলিপি

আবু রায়হান, রংপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে স্বাভাবিক সময়সূচিতে মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি চেয়ে রংপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, বর্তমানে সরকার ঘোষিত নির্ধারিত সময়সূচির কারণে ব্যবসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা কেনাকাটার পর্যাপ্ত সময় পাচ্ছেন না। সাধারণত দুপুর ২টা-৩টার আগে বেচাকেনা পুরোদমে শুরু হয় না, আবার মাগরিবের পরপরই দোকান বন্ধ করতে হওয়ায় ব্যবসার সময় খুবই সংকুচিত হয়ে পড়েছে। এতে করে দোকানের পরিচালনা ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল বলেন, “ঈদ-উল আযহা আমাদের প্রধান বাণিজ্যিক মৌসুম। এই সময়ে স্বাভাবিকভাবে ব্যবসা করতে না পারলে গত কয়েক মাসের লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে না। আমরা প্রশাসনের সকল নির্দেশনা ও বিদ্যুৎ সাশ্রয়ী নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে অন্তত ঈদ পর্যন্ত আমাদের সময়সীমা শিথিল করার দাবি জানাচ্ছি।”

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলতাফ মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্যবসায়ীরা আশা করছেন, ২৮ মে’র ঈদ উৎসবকে কেন্দ্র করে তাদের এই যৌক্তিক দাবি বিবেচনা করে প্রশাসন দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন