প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের নিন্দা জামায়াতে ইসলামীর

প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের নিন্দা জামায়াতে ইসলামীর

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে এক নারীর অশালীন বক্তব্যের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “সুমাইয়া বন্যা” নামে এক নারীর ভিডিও বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অত্যন্ত ন্যাক্কারজনক। জামায়াতে ইসলামী এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে। তিনি স্পষ্টভাবে জানান, ওই নারীর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই এবং তিনি কখনোই দলের কোনো পর্যায়ের কর্মী ছিলেন না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৯ এপ্রিল শ্যামনগর উপজেলা বিএনপির একটি মিছিলে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। জামায়াত নেতারা একে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার দায়ভার জামায়াতের ওপর চাপিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল হামিদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সকল রাজনৈতিক দলকে পারস্পরিক সহনশীলতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন