ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশী নাগরিককে নিরাপদে সরিয়ে নিতেও দেশটি সক্রিয় সহায়তা করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে ইরান দূতাবাস মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের খণ্ডিত অংশ প্রচারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। দূতাবাস সংশ্লিষ্ট সকলকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড বা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
ইরান বলেছে, বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ক অভিন্ন মূল্যবোধ ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বিজ্ঞপ্তিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করা হয়েছে। সম্প্রতি আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর মধ্যকার ফলপ্রসূ বৈঠককে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছে দূতাবাস।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছে ইরান। এছাড়া ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে বাংলাদেশ সরকারের শোকবার্তা পাঠানো এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিকে একটি ‘ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তের প্রশংসা করেছে ইরান সরকার। একই সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যে সকল বাংলাদেশী নাগরিক প্রাণ হারিয়েছেন, তাদের জন্য গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশটি।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ