ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: জমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে বরিশাল-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীত করার বহুল প্রতীক্ষিত মেগা প্রকল্প। নির্ধারিত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় মূল নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা পর্যন্ত ২১১ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের জন্য তিন জেলায় মোট ১৫২ একর জমি প্রয়োজন। এর মধ্যে বরিশাল অংশে ৫১ একর জমির চাহিদা থাকলেও এখন পর্যন্ত অধিগ্রহণ হয়েছে মাত্র ২৭ একর, যা প্রয়োজনের অর্ধেকেরও কম। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ভূমি সংক্রান্ত এই জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত নকশা চূড়ান্তকরণ ও অর্থায়নের প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, গৌরনদী ও উজিরপুর উপজেলার কিছু মৌজায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি এলাকার অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চিকিৎসাধীন। জমি অধিগ্রহণ পুরোপুরি শেষ হওয়ার পর দাতা সংস্থা খুঁজে প্রকল্পের নকশা ও ব্যয় নির্ধারণের কাজ শুরু হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে বরিশাল নগরীর গড়িয়ারপাড় পর্যন্ত চারলেন করা হবে। পরবর্তীতে নগরীর যানজট এড়াতে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে, যা কীর্তনখোলা নদীতে নতুন একটি সেতুর মাধ্যমে পটুয়াখালী মহাসড়কের সঙ্গে যুক্ত হবে।
পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহনের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরু মহাসড়কে বাস, ট্রাক ও অটোরিকশা একসঙ্গে চলাচল করায় প্রতিদিন দীর্ঘ যানজট ও দুর্ঘটনা ঘটছে। চারলেন প্রকল্পের দীর্ঘসূত্রতার ফলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ভোগান্তি দিন দিন বাড়ছে। তবে কবে নাগাদ এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ