ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি ব্রিজের পাশ থেকে মাটি খুঁড়ে এক নারী ও তাঁর নবজাতক সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে গুনটিয়া এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মাটির নিচে মানুষের চুল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে দ্রুত মির্জাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত্যুর কোনো এক পর্যায়ে শিশুটির জন্ম হয় এবং পরবর্তীতে মা ও সন্তান উভয়কেই সেখানে মাটিচাপা দেওয়া হয়।
নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আশপাশের এলাকায় খোঁজ নিচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ