ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে এক হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি থেকেও ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছেন মাহবুব এলাহী রাজিন (১৫) নামে এক শিক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় তাঁর এই পরীক্ষা শুরু হয়।
রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি হত্যা মামলায় জড়িত থাকায় সে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে বন্দি ছিল। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ অনুমতি প্রদান করেন।
রাজিনের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি কারণে জিলা স্কুল কেন্দ্রের অধীনেই কারাগারের ভেতরে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার সময় সব ধরনের প্রশাসনিক ও আইনি নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে।
নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, “গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্র থেকে রাজিনকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য নোয়াখালীতে আনা হয়েছে। আদালতের নির্দেশে বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারের ভেতরেই নেওয়া হবে।”
উল্লেখ্য, নোয়াখালী জেলায় এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ