ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৩৬টি বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসা থেকে মোট ২,৫৩৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ৫টি প্রধান কেন্দ্রে এই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যুৎসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রথম দিনে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত বলেন, "প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করায় প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।"
পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। প্রচণ্ড গরমের কথা বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রে ফ্যান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা ছিল। কেন্দ্রের বাইরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি থাকলেও ভেতরের পরিবেশ ছিল শান্ত ও নিয়ন্ত্রিত।
উপজেলা প্রশাসনের এমন সতর্কতামূলক ও সুশৃঙ্খল পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ