বিয়ের প্রলোভনে ধর্ষণ: স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

বিয়ের প্রলোভনে ধর্ষণ: স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মুক্তা পারভিন নামে এক নারী। অভিযুক্ত ইসমাইল মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন। 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুক্তা পারভিন জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইসমাইল মল্লিক তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইসমাইল তাঁকে ঢাকার মতিঝিলের আবাসিক হোটেল এবং বন্ধুর বাসায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এখন বিয়ের কথা বললে ইসমাইল তা অস্বীকার করছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। ভুক্তভোগী নারী বর্তমানে সামাজিকভাবে বিপর্যস্ত বোধ করছেন বলে জানান।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে মুক্তা পারভিন অভিযুক্ত ইসমাইল মল্লিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবি জানান।

ধর্ষণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ইসমাইল মল্লিক দাবি করেছেন, ওই নারীর কাছে তিনি ১০ লাখ টাকা পাওনা আছেন। সেই টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এই সাজানো ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন