ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিদেশে পড়াশোনা করে নিজের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু দালালের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। সপ্তাহখানেক আগে তাঁর মৃত্যু হলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।
মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে। সোমবার রাত ৯টার দিকে আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার আশায় প্রথমে মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন মুহিবুর। সেখানে ভিসা সংক্রান্ত জটিলতায় তাঁর অবস্থান অনিশ্চিত হয়ে পড়লে একটি দালাল চক্র তাঁকে প্রলোভন দেখায়। মোটা অঙ্কের বেতন ও যুদ্ধের পর নাগরিকত্ব পাওয়ার আশায় তিনি রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে রাজি হন। এরপর সামরিক প্রশিক্ষণ শেষে তাঁকে সম্মুখ সমরে পাঠানো হয়।
ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মুহিবুর নিহত হন। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে পরিবারের কাছে প্রথম এই শোক সংবাদ পৌঁছায়। তবে তাঁর মৃত্যুর সঠিক তারিখ ও সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মুহিবুরের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। ভাগ্যের অন্বেষণে গিয়ে বিদেশের মাটিতে প্রাণ হারানোর এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ