সোনারগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৮
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ ও মাদক নির্মূলে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও পৌনে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হারুন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবাসহ অহিদুল্লাহ (৫০) ও জনি (১৯) নামে দুই মাদক কারবারিকে এবং মেঘনা টোল প্লাজা ও বারদী এলাকা থেকে আক্তার হোসেন (৪২) ও রাজা শেখ (২৩) নামে দুজনকে পৌনে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। এছাড়া সামারি ট্রায়ালে মাদক সেবনের অপরাধে ৮ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার অন্যান্য আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা