কচুয়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
কচুয়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর একই পরিবারের দুই নারীসহ তিনজনকে হত্যার রহস্য ঘটনার এক মাস পর উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার ঘটনা ফাঁস হওয়া ও পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আসাদুল শেখ (৪১) ও আরিফ হাওলাদার ওরফে বাবু (৩৮)। তাঁরা সম্পর্কে পরস্পরের আত্মীয় ও চাচাতো ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাতে চান্দেরখোলা গ্রামের নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন মনিরা বেগম মনি (৬০), তাঁর ছেলে আহাদ আলী (২৫) এবং শাশুড়ি রাশিদা বেগম (৯৩)। পরে নিহত মনিরার ব্যবহৃত মোবাইল ট্র্যাকিং করে শনিবার আরিফ ও আসাদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, পরকীয়ার জেরে মনিরা বেগমের সঙ্গে জাহিদের বাকবিতণ্ডা হলে ক্ষুব্ধ হয়ে হাতুড়ি পেটা ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তিনজনকে হত্যা করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন