সুন্দরবনের ডাকাত বাহিনীর সদস্য আটক

সুন্দরবনের ডাকাত বাহিনীর সদস্য আটক

মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত 'ছোট সুমন বাহিনী'র সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আব্দুস সামাদ পরিবারের সাথে দেখা করতে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার এলাকায় আসার গোপন সংবাদ পায় কোস্ট গার্ড বেইস মোংলা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক সামাদ মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আটক সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে এই দস্যু বাহিনীর হয়ে ডাকাতি করে আসছিলেন। জব্দকৃত অস্ত্র ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন