শ্রীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ

শ্রীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আক্তারুজ্জামান শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন পল্লীর শতাধিক পরিবার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গিলাশ্বর গ্রামে বরমী-সাতখামাইর আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ফিরোজা বেগম অভিযোগ করেন, বিএনপি নেতা শামীমের অনুসারীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভূমিহীন পল্লীর বাসিন্দারা একটি বাথরুম বা ঘর নির্মাণ করতে গেলেও তাঁদের মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। সম্প্রতি তাঁর মেয়ে মুক্তা আক্তার ঘর নির্মাণ শুরু করলে শামীমের লোকজন ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় হামলা চালিয়ে মুক্তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যান্য বাসিন্দারা জানান, বিএনপির বড় নেতার পরিচয় দিয়ে শামীম ও তাঁর বাহিনী এলাকায় ধারাবাহিক চাঁদাবাজি ও নির্যাতন চালিয়ে আসছে। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই শত শত নারী-পুরুষ রাজপথে নেমেছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম বলেন, “একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মারধরের ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম।” অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আক্তারুজ্জামান শামীমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন