পটুয়াখালীতে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল-শিবির মুখোমুখি

পটুয়াখালীতে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল-শিবির মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় সরকারি কলেজ ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দেয়াল লিখনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়।

সম্প্রতি গলাচিপা সরকারি কলেজ ও দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার কলেজের দেয়ালে ছাত্রদলের নেতাকর্মীরা “হাদি ব্যবসা নিপাত যাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না”—এমন বিভিন্ন স্লোগান লিখে কর্মসূচি পালন করেন। গলাচিপা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ ও সহসভাপতি জিএম সফিকুল ইসলামের উপস্থিতিতে এসব দেয়াল লিখন সম্পন্ন হয়।

ছাত্রদল নেতাদের দাবি, শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও ইতিবাচক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হলে আড়ালে থেকে কার্যক্রম চালানো সংগঠনগুলোর ‘গুপ্ত রাজনীতি’ বন্ধ করা জরুরি। এটি শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে।

অভিযোগ অস্বীকার করে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতেই ছাত্রদল এমন প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বলে তিনি দাবি করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন