রাজশাহীতে গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার

রাজশাহীতে গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদিয়া পশ্চিমপাড়া গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে তল্লাশি চালায়। এসময় বাড়ির ভেতর থেকে ৩৬.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০৩টি সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহাজাহান আলী (৫৮), পিতা- মৃত সোলেমান সরকার। মো. রিদওয়ান ইসলাম হৃদয় (৩০), পিতা- মো. শাহাজাহান আলী। গ্রেফতারকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে অবৈধ উপায়ে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের বাড়িতে মজুত করে রেখেছিল। এই ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন