ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লাইফস্টাইল ডেস্ক: বন্ধুদের সঙ্গে একটি ইতিবাচক আড্ডা আমাদের মানসিক প্রশান্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু কথোপকথনের সময় আমাদের কিছু ছোট ভুল অজান্তেই প্রিয়জন বা সহকর্মীর সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি করে। মনোবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে, সঠিক যোগাযোগের জন্য ৮টি সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি।
১. ‘বুমেরাং-স্কিং’: অনেক সময় আমরা কাউকে প্রশ্ন করি কেবল নিজের উত্তরটি দেওয়ার সুযোগ পাওয়ার জন্য। এতে অন্যপক্ষ মনে করতে পারে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না। ২. মাঝপথে কথা থামিয়ে দেওয়া: কারো কথা শেষ হওয়ার আগেই বলতে শুরু করা অত্যন্ত অভদ্রতা। এটি অন্য ব্যক্তিকে তুচ্ছজ্ঞান করার শামিল। ৩. একতরফা আলাপ: সারাক্ষণ শুধু নিজের জীবনের গল্প করলে অন্যপক্ষ বিরক্ত হয়। ভালো আলোচনা হওয়া উচিত টেনিস খেলার মতো, যেখানে দুই পক্ষই সমান অংশ নেবে। ৪. অযাচিত উপদেশ: কেউ সমস্যা নিয়ে এলে আমরা দ্রুত সমাধান দিতে চাই। অথচ অনেক সময় মানুষ শুধু মনের কথাটুকু শোনাতে চায়। না চাইতেই উপদেশ দিলে অপর ব্যক্তি নিজেকে অসহায় মনে করতে পারে। ৫. ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক প্রশ্ন: বিস্তারিত উত্তরের সুযোগ নেই এমন প্রশ্ন আলাপকে দ্রুত থামিয়ে দেয়। আলাপ দীর্ঘ করতে খোলামেলা প্রশ্ন করুন। ৬. পাল্টা প্রশ্ন না করা: কেউ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি আপনি ভিন্ন প্রসঙ্গে চলে যান, তবে মনে হতে পারে আপনি তাঁর কথা মন দিয়ে শুনছেন না। ৭. জেরা করা: একের পর এক প্রশ্ন করে কাউকে জর্জরিত করলে সে রক্ষণাত্মক হয়ে পড়ে। কথোপকথন হওয়া উচিত স্বতঃস্ফূর্ত। ৮. অবজ্ঞাসূচক ভাষা: ‘যা খুশি’ বা ‘তুমি বাড়াবাড়ি করছ’—এমন শব্দ ব্যবহার পারস্পরিক শ্রদ্ধার পথ বন্ধ করে দেয়।
মনোবিজ্ঞানী ডক্টর মেগান মার্কাম বলেন, এই ভুলগুলো সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে। দীর্ঘমেয়াদে এটি ব্যক্তিগত ও পেশাগত সব ধরনের সম্পর্ক নষ্ট করতে পারে।
সক্রিয়ভাবে অন্যের কথা শুনুন এবং কৌতূহল প্রকাশ করুন। ভিন্নমত থাকলেও আক্রমণাত্মক না হয়ে নিরপেক্ষ ভাষায় আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করুন। একটু সচেতন থাকলেই শব্দ বিনিময়কে একটি সুন্দর শিল্পে রূপ দেওয়া সম্ভব।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ