ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক চা বিক্রেতা নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া আসামিরা হলেন— মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুক (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। রায় ঘোষণার সময় কালাম আদালতে উপস্থিত থাকলেও বুলবুল ও রুক বর্তমানে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে চা ও পান বিক্রি করতেন। ২০২৩ সালের ১৪ মে রাতে আসামিরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় শহরের ফৌজদারী এলাকায় ফেলে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আদায়কৃত অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত আসামিদের কঠোর সাজা প্রদানের পাশাপাশি অর্থদণ্ডও দিয়েছেন, যা ভিকটিম পাবেন।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ