কালীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি আটক

কালীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি আটক

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৫ বছর ধরে পরিচয় গোপন করে পালিয়ে থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি এবং এলাকার এক চিহ্নিত দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে ও বিকেলে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩): উপজেলার কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে। তিনি ২০০৯ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মো. রনি মোড়ল (২৩): বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রূপগঞ্জের একটি রাইস মিলের মালিক নূরুল হককে হত্যা করে ওই মিলের শ্রমিক রহমত আলী। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পালিয়ে বেড়ান। নিজেকে আড়াল করতে তিনি জাতীয় পরিচয়পত্রে (NID) ঠিকানা পরিবর্তন করেন এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার রাতে পাকুন্দিয়া থেকে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

একই দিন বিকেলে উপজেলার চান্দেরবাগ বাজার এলাকা থেকে রনি মোড়লকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক গ্রেফতারি পরোয়ানা ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, "অপরাধী যত চতুরই হোক না কেন, শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আসতেই হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রহমত আলী দীর্ঘ ১৫ বছর ধরে পরিচয় লুকিয়ে ছিলেন। আমাদের চৌকস টিম তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। উপজেলাকে অপরাধমুক্ত রাখতে আমাদের বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন