শৈলকূপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শৈলকূপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে জাহিদ জোয়ার্দ্দারের সমর্থক মোহন শেখকে একা পেয়ে আবুল হোসেনের লোকজন পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। মোহন শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং গ্রামের অন্তত ১২টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, মোহন শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে আব্বাস শেখ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন