ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত চত্বরের প্রবেশপথে দীর্ঘ দেড় মাস ধরে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন আইনজীবী, বিচারপ্রার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই অবস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, আদালত চত্বরের রাস্তার একপাশে ময়লার একটি বড় কনটেইনার থাকলেও সেটি উপচে আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়েছে। পচা দুর্গন্ধে ওই এলাকা দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, যাদের নাকে রুমাল দিয়ে বা দম বন্ধ করে এই অংশটুকু পার হতে হচ্ছে। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
আদালত চত্বরের এক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেড় মাস ধরে এই অবস্থা। দুর্গন্ধে এখানে বসে ব্যবসা করা যাচ্ছে না। কাল দুর্গন্ধে আমার বমি পর্যন্ত হয়েছে, খুব অসুস্থ বোধ করছি।" সাধারণ পথচারীরা জানান, এটি জেলা শহরের অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। আদালতের প্রধান ফটকের সামনে এমন আবর্জনার স্তূপ শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করছে।
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন পৌরসভার এমন অব্যবস্থাপনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ করে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ