ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়।
সংগঠনটির জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এই নোটিশ পাঠান। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের ২৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ‘পাগল’ আখ্যা দিয়ে তাকে পাবনা (মানসিক হাসপাতাল) পাঠানোর কথা বলেন। এমনকি তাকে ‘কুকুর মারার ইনজেকশন’ দেওয়ার মতো চরম আপত্তিকর মন্তব্যও করেন তিনি।
নোটিশে দাবি করা হয়েছে, একজন বর্ষীয়ান রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য চরম মানহানিকর। এতে তার সামাজিক ও মানসিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বক্তব্যের সন্তোষজনক জবাব ও ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মুফতি আমির হামজার বিরুদ্ধে এটিই প্রথম আইনি নোটিশ নয়। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং ডিসি নিয়োগ সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের জন্য তিনি আরও দুটি আইনি নোটিশ পেয়েছিলেন। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এই বিষয়ে মুফতি আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ