রাণীনগরে ধানের ফলন ও দাম বিপর্যয়ের মুখে কৃষক

রাণীনগরে ধানের ফলন ও দাম বিপর্যয়ের মুখে কৃষক

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। তবে জ্বালানি তেল, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়লেও বাজারে ধানের ন্যায্য দাম না থাকায় শুরুতেই লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।

উপজেলার আবাদপুকুর এলাকার কৃষক হেলাল উদ্দীন জানান, প্রতি বিঘা জমিতে চাষাবাদ ও কাটা-মাড়াই বাবদ প্রায় ২৬ থেকে ২৮ হাজার টাকা খরচ হয়েছে। অথচ বর্তমান বাজারে প্রতি মণ ধান সর্বোচ্চ ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘায় ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। আবহাওয়া ও রোগবালাইয়ের কারণে ফলনও গত বছরের তুলনায় বিঘাপ্রতি ৩-৪ মণ কম হচ্ছে বলে দাবি করছেন চাষিরা।

ধান-চাল আড়তদারদের মতে, অধিকাংশ চালকল মালিকদের (মিলার) গুদামে এলসির চালের পর্যাপ্ত মজুদ থাকায় তারা ধান কেনায় তেমন আগ্রহ দেখাচ্ছেন না। এর ফলে বাজারে ধানের দাম বাড়ছে না। এছাড়া সামনের দিনগুলোতে আবহাওয়া খারাপ হলে ধানের দাম আরও কমার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার রাণীনগরে ১৮,৭৫০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে জিরাশাইল, ব্রি ধান-৯০, ৯২ এবং কাটারিভোগ উল্লেখযোগ্য। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন বলেন, "আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। জাতভেদে বিঘাপ্রতি ২৩-২৬ মণ ফলন হচ্ছে। আশা করছি আগামী ১৫-২০ দিনের মধ্যে পুরোদমে কাটা-মাড়াই শেষ হবে।"

তবে মাঠ পর্যায়ের কৃষকরা বর্তমান বাজার পরিস্থিতিতে চরম হতাশা ব্যক্ত করেছেন এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন