‘নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি’

‘নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার, বাড়তে পারে মূল্যস্ফীতি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি জানান, মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এটি মূলত 'হাইপাওয়ার মানি' বা ছাপানো টাকা, যার প্রভাবে বাজারে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআই-এর নিজস্ব কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান এবং সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আশিকুর রহমান বলেন, "আমরা সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটা আত্মঘাতী হবে। আশা করছি সরকার ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনা করবে। সংস্কার থেকে পিছিয়ে এসে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে।"

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনই দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে। তারা গ্যাস ও বিদ্যুৎ পাবেন কি না, সেই চিন্তায় রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জাইদি সাত্তার বলেন, সব জিনিসের দামের ওপরে জ্বালানির প্রভাব রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ইস্যুতে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে। এ অবস্থায় নির্বাচিত সরকারকে বড় ধরনের সংস্কারের পথে হাঁটার পরামর্শ দেন তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন