গাজীপুরে অবৈধ ভবনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

গাজীপুরে অবৈধ ভবনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরে অবৈধ ও পরিকল্পনাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। অনিয়ন্ত্রিত নগরায়ণ রোধ এবং সুষ্ঠু নগর পরিকল্পনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাজীপুরের জয়দেবপুর রাজদিঘির পাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গাউকের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদনহীন এবং ভুয়া নকশায় নির্মিত একাধিক ভবন চিহ্নিত করা হয়। এ সময় ভুয়া নকশা ব্যবহার করে নির্মাণাধীন পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে গাউকের সচিব মেহেদী হাসান বলেন, "পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অনুমোদিত নকশা না মেনে কিংবা ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণ নগর পরিকল্পনার জন্য মারাত্মক হুমকি। কোনোভাবেই অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না এবং এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

দীর্ঘদিন ধরে কিছু অসাধু নির্মাতা গোষ্ঠী নিয়ম-নীতি উপেক্ষা করে ভবন নির্মাণ করে আসছিল বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। গাউকের এই সাম্প্রতিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা শহরকে বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন গাউকের অথোরাইজড অফিসার জান্নাতুল নাইমা ও ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন