ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যা মোকাবিলায় বিরোধীদলীয় নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবে সাড়া দিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। কমিটির মোট সদস্যের মধ্যে ৫ জন সরকারি দলের এবং বাকি ৫ জন বিরোধীদলের প্রতিনিধি থাকবেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই কমিটি গঠনের কথা জানান এবং সরকারি দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবিলায় বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব করেছিলেন যে, তাদের কাছে কিছু পরামর্শ রয়েছে—যা নিয়ে সরকারি দল ও বিরোধীদল একসাথে কাজ করতে পারে।" তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কল্যাণে যেকোনো পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এবং তারই প্রেক্ষাপটে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটিতে সরকারি দলের প্রতিনিধি হিসেবে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া অন্য তিন সংসদ সদস্য হলেন—এবিএম আশরাফ উদ্দিন নিজান, ময়নুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন অপু। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার একজনকে সভাপতি নির্বাচন করার পরামর্শ দিলে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করেন। একইসঙ্গে দ্রুত বিরোধীদলকেও তাদের ৫ সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।
এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "আমরা মনে করি এই সংসদ জাতীয় সকল সমস্যা নিরসনের কেন্দ্রবিন্দু হবে। আমরা শিগগিরই কমিটির জন্য নামগুলো জমা দেবো।"
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ