ফরিদপুরে হামের প্রকোপ: নতুন আক্রান্ত ৩৩, মৃত্যু ৬

ফরিদপুরে হামের প্রকোপ: নতুন আক্রান্ত ৩৩, মৃত্যু ৬

আহমেদ লিওন, নিজস্ব প্রতিবেদক (ভাঙ্গা), ফরিদপুর: ফরিদপুর জেলায় সংক্রামক ব্যাধি ‘হাম’-এর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৩ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১০ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং ২৩ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে একই সময়ে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে ফরিদপুর সদর উপজেলায়। এছাড়াও আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী ও সদরপুর উপজেলাতেও হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন