ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭

ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭

হাসান ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এতে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তাদের কর্মকাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেছিল ছাত্রদল। এর প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির। শিবিরের মিছিলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে মিছিল লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করে।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থী বলেন, "শিবির বহিরাগতদের নিয়ে কলেজে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছিল, আমরা কেবল তা প্রতিহত করেছি।" অন্যদিকে, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান দাবি করেন, "শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল ইটপাটকেল ও গুলি ছুড়েছে। তারা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।"

কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন জানান, ইনকোর্স পরীক্ষা চলায় দুপুর ১২টায় কর্মসূচির সময় দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই সংঘর্ষ বেধে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, "ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আপাতত কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে। বিস্ফোরক আইনে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন