সংসদে যাওয়া হচ্ছে না মনিরা শারমিনের

সংসদে যাওয়া হচ্ছে না মনিরা শারমিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

মঈন উদ্দিন খান বলেন, গত ২২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনিরা শারমিনের কিছু নথিপত্রে ঘাটতি ছিল। পরবর্তীতে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও আরপিও (RPO) অনুযায়ী একটি আইনি জটিলতা দেখা দেয়। মনিরা শারমিন কৃষি ব্যাংকের মতো একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আইন অনুযায়ী, এমন প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়ার বা অবসরের পর নির্বাচনে অংশ নিতে কমপক্ষে তিন বছর অতিবাহিত হতে হয়। কিন্তু তার ক্ষেত্রে সেই সময়সীমা পূরণ না হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন। উল্লেখ্য, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন। সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনের অযোগ্য বিবেচিত হন।

এই মনোনয়ন বাতিলের ফলে জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের সংখ্যা একটি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ওই আসনটি নতুন বণ্টনে উন্মুক্ত হিসেবে গণ্য হলে তা বিএনপি জোটের অনুকূলে যেতে পারে। দুই দিনের বাছাই প্রক্রিয়া শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন