ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: উজানে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলায় আগাম বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, তা দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের উজান অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ জেলার সকল নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে আগাম বন্যা দেখা দিতে পারে।
হাওরের নিচু এলাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বিবেচনায় বোরো ধানের ক্ষতি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ধান পাকার অপেক্ষা না করে ৮০ শতাংশ পরিপক্ক হলেই তা কেটে ফেলা নিরাপদ। কৃষকদের প্রয়োজনে কম্বাইন হারভেস্টার ও স্থানীয় শ্রমিক ব্যবহার করে দ্রুত ফসল ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাহাড়ি ঢলে হাওরের ফসল রক্ষা বাঁধের ওপর যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ