কয়রাকে উন্নত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: শফিকুল আলম মনা

কয়রাকে উন্নত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: শফিকুল আলম মনা

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা এস এম শফিকুল আলম মনা বলেছেন, “দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল কয়রার মানুষের ভাগ্যোন্নয়ন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। অতীতেও বিএনপি সরকারই অবহেলিত কয়রার উন্নয়ন করেছে, আগামীতেও করবে।” বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কয়রার উত্তর বেদকাশি কাচারিবাড়ি বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এই বিশাল জনসভার আয়োজন করে। শফিকুল আলম মনা বলেন, “সারা দেশে বিএনপির জোয়ার বইছে। জনগণের দল হিসেবে বিএনপি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, “আমি কয়রার প্রতিটি ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিই আমার মূল লক্ষ্য।” সভায় অন্য বক্তারা উপকূলীয় এই এলাকায় পানীয় জলের সংকট সমাধান ও স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

এম.আর/সকালবেলা

মন্তব্য করুন