রায়পুরে আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে ধানের শীষের বিশাল গণমিছিল

রায়পুরে আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে ধানের শীষের বিশাল গণমিছিল

আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে রায়পুরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পোস্টার ও ব্যানার নিয়ে উত্তর চরআবাবিল ইউনিয়নে জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি হায়দরগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদার, সিনিয়র সহ-সভাপতি মালেক মোহাম্মদ ইসমাইল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা তালুকদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ.আই.এস/সকালবেলা

মন্তব্য করুন