ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে দেশীয় বন্দুক ও গোলাবারুদসহ মো. দেলোয়ার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টায় ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক দেলোয়ার ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে।
রামু সেনানিবাস সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। মেজর কাজী ইনতিসার সালিম (২৪ বীর)-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল কালিরছড়া শিয়া পাড়া সংলগ্ন গহীন পাহাড়ে ও একটি বাড়িতে তল্লাশি চালায়। এসময় দেলোয়ারকে তাঁর চাচার বাড়ি থেকে একটি দেশীয় একনলা বন্দুক, তিনটি অ্যামুনিশন (গুলি), একটি পৌচ এবং একটি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক দেলোয়ারের বিরুদ্ধে গরু চোরাচালান, ইয়াবা ব্যবসা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন যেকোনো অপতৎপরতা রুখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ